সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:০৯

ক্যামডেন সিটি ও সিলেট সিটির মধ্যে সেতুবন্ধন স্থাপনে গুরুত্বারোপ

সিলেট সফররত ক্যামডেন মেয়র নাদিয়া শাহকে সংবর্ধনা

বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ক্যামডেন মেয়র নাদিয়া শাহ এবং তার প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা যুক্তরাজ্যের ক্যামডেন সিটির সাথে সিলেট সিটি কর্পোরেশনের টুইনলিংক স্থাপনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরীর মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স রুমে এই সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বৃটেনের সাথে সবসময় বাংলাদেশের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান আছে। সুতরাং ক্যামডেনসহ বৃটেনের অন্যান্য সিটির সাথে সেতুবন্ধন স্থাপনের মাধ্যমে উপকৃত হতে পারে সিলেট সিটি কর্পোরেশন। ক্যামডেন ও সিলেট সিটির পর্যটন বিকাশে সহায়তা, অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নসহ সামগ্রিক অগ্রযাত্রায় দুটি সিটি এক সাথে কাজ করার ক্ষেত্র তৈরি সম্ভবপর হলে দুটি সিটিই উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সীমান্তিক এর চীফ প্রেট্রন ড. আহমেদ আল কবির। প্রতিনিধি দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্যামডেন মেয়র নাদিয়া শাহ, ক্যামডেনের লেবার লিডার সেরা হেওয়ার্ড, ডেপুটি মেয়র রিচার্ড কট্টন।

বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা খানম মিলন, সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান, মেয়র নাদিয়া শাহর পিতা মো. নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা মিজানুর রহমান পায়েল। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা আবুল ফজল খোকন।

প্রতিনিধি দলের সংবর্ধিত অন্যরা হলেন মেয়র কনসর্ট জলিল শাহ, মেয়র এসকর্ট রোকসানা হক, কাউন্সিলর স্যালি গিমসন, কাউন্সিলর হেথা জনসন, কেবিনেট মেম্বার জর্জিয়া গোল্ড, চ্যারিটি ওযার্কার আবদুস সামাদ ও পারভীন সামাদ, শাব্বির আহমদ এবং কিলবার্ণ ও ওয়েস্টহ্যাম শাখার লেবার পার্টি সেক্রেটারি নাজমা রহমান।

পরে প্রতিনিধি দলকে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সিলেটের স্থানীয় শিল্পীরা।





আপনার মন্তব্য

আলোচিত