কুলাউড়া প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৭ ২০:০৬

কুলাউড়ায় অস্ত্রসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর এলাকা থেকে ভারতীয় ২টি অস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজ এবং রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি অটোরিক্সাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার সোনাম উদ্দিনের ছেলে চালক পারভেজ আহমদ (২২) এবং একই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে যাত্রী পারভেজ আহমদ (২৫)। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করে তথ্য জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা (পিপিএম)।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টায় বড়লেখা থেকে আগত ৩টি সিএনজি অটোরিক্সা দ্রুত গতিতে কুলাউড়া শহরে প্রবেশ করছিল। এসময় রেল আউটারে চেকপোস্টে অবস্থানকারী এটিএসআই কাউছার আহমদ ও নাজিরুল ইসলাম তাদের থামার নির্দেশ দিলে ওই সিএনজিগুলো আদেশ অমান্য করে আরো বেপরোয়া গতিতে শহরের ভিতরে ঢুকে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম এবং ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায় ২টি আলাদা পুলিশ ফোর্স নিয়ে শহরে অভিযান পরিচালনা করার সময় বাদে মনসুর শাহী ঈদগাহ এলাকায় একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিক্সা আটক করা হয়। এসময় সিএনজি চালক পারভেজ এবং যাত্রী  পারভেজ এবং ২ টি ভারতীয় কাটা বন্দুক এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম ও এসআই নুর হোসেন জানান, মূলত দেশের বাইরে থেকে চোরাচালানকৃত অস্ত্র দ্বারা তারা ডাকাতির কাজে ব্যবহার করে। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ডাকাতি ও অস্ত্র মামলায় ২টি পৃথক মামলা (নং ১৮ ও ১৯) দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত