হবিগঞ্জ প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০১৫ ২১:১২

হবিগঞ্জে দুই হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ৪

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রাম থেকে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা তিনটায় ওই গ্রামের মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বহুলা গ্রামের তজম্মুল হোসেনের ছেলে আমির হোসেন ও বাহুবল উপজেলা নোয়াপাড়া গ্রামের আলতা মিয়ার ছেলে কাজল মিয়া।

পুলিশ জানায়, বহুলা গ্রামের সৈয়দ আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছিল। একাধিকবার সে গ্রেফতার হলেও ব্যবসা বন্ধ হয়নি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। ঘরের একটি ওয়ারড্রব থেকে ২ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এসময় আমির হোসেন ও কাজল মিয়াকে আটক করে পুলিশ। তাৎক্ষণিক সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ধারণা করলেও পরে এসআই মিজান জানান, ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীরের নেতৃত্বে একটি বিশেষ দল সুতাং বাজার ব্রীজের পশ্চিমে ডাঃ বেলাল হোসেনের দোকানের সামনে থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরাবই গ্রামের ইকবাল হোসেনের ছেলে আলমগীর হোসেন ও আজমিরীগঞ্জের পরেশ চন্দ্র পালের ছেলে রুবেল চন্দ্র পালকে গ্রেফতার করে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, শনিবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

 

আপনার মন্তব্য

আলোচিত