২৪ জানুয়ারি, ২০১৭ ১৫:৪১
সিলেট নগরীর মিরাবাজারে পাওনা টাকা চাইতে গিয়ে চাচা ও চাচাত ভাইদের হামলায় গুরুতর আহত হয়েছেন ভাতিজা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. আব্দুস সালাম (২৫)। তিনি মিরাবাজার আগপাড়া এলাকার রুহুল আমিনের পূত্র।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আব্দুস সালাম তার চাচা স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুল করিমের কাছে পাওনা ১ লক্ষ ২৫ হাজার টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আব্দুল করিম ও তার দুই ছেলে সালামের উপর হামলা চালান। তারা সালামকে দা দিয়ে কুপিয়ে আহত করেন।
গুরুতর আহত সালামকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালামের চাচাতো ভাই জসিম জানিয়েছেন, এ ব্যপারে তারা মামলা দায়ের করবেন।
আপনার মন্তব্য