২৪ জানুয়ারি, ২০১৭ ১৭:১০
সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১১টি ক্রাশার মেশিন উচ্ছেদ ও পিয়াইন নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪টি সেইভ মেশিন ধ্বংস এবং জিরো পয়েন্ট এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধভাবে ক্রাশার মেশিন স্থাপন করে পাথর ভাঙ্গার দায়ে এক প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় বল্লাঘাট কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে জিরো পয়েন্ট এলাকা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহায়তায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মো. হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই হারুনুর রশিদ ও মনজুরুল ইসলামসহ পুলিশ ও বিজিবির অর্ধশতাধিক সদস্য।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষা করতে রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে গড়ে উঠা ১১টি ক্রাশার মেশিন ও দোকানপাট উচ্ছেদ এবং ৪টি সেইভ মেশিন ধ্বংস করা হয়েছে। পর্যটন কেন্দ্র জাফলং এলাকার পরিবেশ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের টাস্কফোর্সের এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য