ওসমানীনগর প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০১৭ ১৭:৫৭

ওসমানীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

বাংলাদেশ শিক্ষক সমিতি ওসমানীনগরের উদ্যোগে অবসরপ্রাপ্ত পাঁচজন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের প্রধান হাতিয়ার। বর্তমান সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটেছে। শিক্ষকদের নিরলস প্রচেষ্টার কারণেই এই উন্নয়ন সাধন সম্ভব হয়েছে।

গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ওসমানীনগরের সভাপতিত্ব মো. আবুল লেইছ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষক সমিতির সচিব মো. শমসের আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সিকদার মোহাম্মদ কিবরিয়াহ, আব্দুল মুমিন, হেলেন বেগম চৌধুরী, সহকারি প্রধান শিক্ষক শামছুল হক, বিজয়  প্রসাদ দেব, সুশীল চন্দ্র নাথ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শিক্ষকদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষকদের চাকুরী জাতীয়করণ এখন সময়ের দাবি। এ ব্যাপারে দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রে জাতীয়করণ করার দাবি জানান শিক্ষক নেতারা।

অনুষ্ঠানে বিন্দু মাধব ভট্টাচার্য, সতেন্দ্র কুমার ঘোষ, ধরণী কুমার চৌধুরী, মো. গোলাম সারওয়ার ও সহকারি প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ধরকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সমিতি ওসমানীনগরের সচিব রিপন সূত্রধর এবং শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মাও. মহসিন আলী  এবং গীতা পাঠ করেন সুমিতা সিনহা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত