২৬ জানুয়ারি, ২০১৭ ২০:০৫
লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই বলেছেন, যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের অধিকাংশই সিলেটের। যুক্তরাজ্যের সাথে তাই সিলেটের মানুষের রয়েছে আত্মিক সম্পর্ক। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা যুক্তরাজ্যের সমাজ, সংস্কৃতি, প্রশাসন, রাজনীতি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সর্বোপরি সকল ক্ষেত্রেই অবদান রেখে চলেছেন। কিন্তু ব্রিটিশ ভিসা কার্যক্রম দিল্লীতে স্থানান্তরিত হওয়ায় সিলেট অঞ্চলের মানুষকে নানান ঝামেলায় পড়তে হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশের জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে ব্রিটিশ ভিসা কার্যক্রম বাংলাদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতে হবে।
ব্রিটিশ ভিসা কার্যক্রম বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সিলেটস্থ জগন্নাথপুর উপজেলা সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বুধবার (২৫ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলা সমিতির উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ।
সমিতির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মাদ হরমুজ আলী বলেন, যুক্তরাজ্য প্রবাসী বাঙ্গালী বিশেষ করে সিলেটিরা সেই পাকিস্তানী ঔপনিবেশিক আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জাতীয় জীবনে যখনই দুর্যোগ নেমে এসেছে তখনই পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ তার প্রকৃষ্ট প্রমাণ। আমাদের সেই নাড়ির বন্ধনকে ছিন্ন করে দিতে এখান দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। আসুন প্রবাসী অধ্যুষিত সকল এলাকার মানুষকে একত্রিত করে সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের এই প্রাণের দাবি বাস্তবায়নে তার সহযোগিতা কামনা করি। প্রবাসীরাও সেখানকার সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে একইভাবে লবিং করলে আমি নিশ্চিত আমরা সফল হবো।
এইডেড হাইস্কুলের শিক্ষক মাওলানা তরিকুল ইসলাম কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের পরিচালক আজাদ আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবুল কালাম, প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, প্রবাসী মো. ফজলুর রহমান, জগন্নাথপুর যুবকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো কোহিনুর রহমান, সৈয়দ আব্দুল হাফিজ, সানোয়ার আহমদ, হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, আব্দুল জব্বার শাহিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক যুগভেরী ও দৈনিক সুনামগঞ্জের সময়ের জগন্নাথপুর প্রতিনিধি মো.মুন্না মিয়া ও জগন্নাথপুর উপজেলার সিলেটে বসবাসকারীরাসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
আপনার মন্তব্য