নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০১৫ ১৭:৪৯

রিকাবীবাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৩

সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা রাসেল আহমদ রাজু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর রিকাবীবাজারে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দু’পক্ষ। এতে ছাত্রলীগের তিনকর্মী আহত হয়েছেন। রবিবার দুপুর ২ টায় রিকাবীবাজার পয়েন্টে এ সংঘর্ষ বাঁধে। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- মদন মোহন কলেজের ছাত্র হিমেল আহমদ (২৪), সরসপুরের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে মামুন আহমদ (২৩) ও সাগরদিঘীর পাড়ের কাউছার মিয়ার ছেলে রাসেল আহমদ রাজু (২১)।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর রিকাবীবাজরস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামের সামনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি সাগর গ্রুপ ও মদন মোহন কলেজ ছাত্রলীগের পারভেজ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা হিমেল আহমদ, মামুন আহমদ ও কাউছার আহমদ নামের তিনজন আহত হন।

পরে তাদেরকে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি সোহেল আহমদ বলেন, ‘আমি শুনেছি মদন মোহন কলেজে ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত