বড়লেখা প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৫ ১৮:৪৬

বড়লেখায় কৃষক হত্যাকান্ড : গ্রেফতার আরো ১

মৌলভীবাজারের বড়লেখায় কৃষক আমির আলী হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামী উমর আলী উমু বাবুর্চি (৪৫)-কে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহমদ গত শুক্রবার ভোর রাতে উমর আলীকে পৌর শহরের মহদিকোণাস্থ বাড়ি থেকে আটক করেন। হত্যাকান্ডের প্রায় ৫ মাস পর এজাহারনামীয় ওই আসামী আটক হলো।  

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কাজিরবন্দ গ্রামের (নালবহরী বাড়ির) কৃষক আমির আলী (৫৫) বাড়ি থেকে হাকালুকির বিলে মাছ শিকার করতে বের হন। সেখানে যাওয়ার পর থেকে আর ফিরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন আমির আলীর ছোট ভাই মুমিন আলী থানায় জিডি করেন (নং-৫১৩)।

নিখোঁজের ৩ দিন পর ১৭ ডিসেম্বর স্বজন ও এলাকাবাসী আমির আলীর পরনের কাপড় হাওড় পাড়ের মালাম বিলের কাছে পেয়ে বিলের ৫ পাহারাদারকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারেন এমন সন্দেহে ও নিহতের পরিবারের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে উপজেলার মুর্শিদাবাদকুরা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সুনাম উদ্দিন (৪৫), চুকারপুঞ্জি গ্রামের মৃত আতির আলীর ছেলে আবুল হোসেন (৫৫) ও খুটাউরা গ্রামের মৃত সইব উদ্দিনের ছেলে মইজ উদ্দিনকে (২৪) গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান উমর আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত