নবীগঞ্জ প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০১৭ ১৬:৪৪

সার্চ কমিটি নিয়ে অভিযোগকারীরা ‘ভ্রান্ত’ ও ‘রাবিশ’: মুহিত

নবীগঞ্জে যুগল কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপনের উদ্বোধন

রাষ্ট্রপতির নির্দেশে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে নিয়ে যারা অভিযোগ তুলেছেন, তাদের ‘ভ্রান্ত’ ও ‘রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ যুগল কিশোর (জে কে) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটি গঠন করা হয়েছে তা অত্যন্ত নিরপেক্ষ ও খুবই ভালো। সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত জ্ঞানী-গুণী ও ভালো লোক। যারা সার্চ কমিটি নিয়ে অভিযোগ তুলেছেন তারা ভ্রান্ত ও রাবিশ। এর কোনও ভিত্তি নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার আইসিটির মাধ্যমে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে।’

তিনি বলেন, ‘আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনও দরিদ্র থাকবে না। যদি থাকে, তবে খুবই স্বল্পসংখ্যক থাকবে।’

নবীগঞ্জ উপজেলার শতবর্ষী স্কুল নবীগঞ্জ ‍যুগল কিশোর (জে কে) উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে পূর্তি উদযাপনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এর পরে ‍পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এমএ মুনিম চৌধুরী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত পুলিশ সুপার শামছুল ইসলাম ভূইয়া।

আপনার মন্তব্য

আলোচিত