ওসমানীনগর প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০১৭ ১৪:০০

ছয় যুবকের ব্যতিক্রমী শীতবস্ত্র বিতরণ

কোন অনুষ্ঠান নেই। রাতের আঁধারে দু’টি মোটর সাইকেলযোগে কম্বল, সোয়েটার, চাদর নিয়ে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছেন কয়েকজন যুবক। বন্ধ দরজায় কড়া নেড়ে জিজ্ঞেস করছেন- 'কেউ বাড়িতে আছেন? একটু বাইরে আসুন।' ডাক শুনে ঘর থেকে বেড়িয়ে আসামাত্র হাতে তুলে দিচ্ছেন কম্বল ও চাদর।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে এভাবেই দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির এডভোকেট অসিম দাশ, আব্দুল মতিন, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, ব্যবসায়ী আনহার মিয়া, পিন্টু গুপ্ত ও ব্যাংকার হীরা ধর।

তাঁরা জানান, যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন বন্ধুর আর্থিক সহযোগীতায় গ্রামতল, নিজকরনসী ও গোয়ালাবাজার এলাকায় ৮০টি হতদরিদ্র পরিবারের মধ্যে মানসম্পন্ন কম্বল, সোয়েটার, চাদর ও শিশুদের মধ্যে হুডি বিতরণ করেছেন তারা। লোক দেখানোর ইচ্ছা নেই বলে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়েই প্রকৃত গরীবদের মধ্যে এগুলো বিতরণ করেছেন। আর্থিক সহযোগীরাও তাদের নাম প্রকাশে অনিচ্ছুক। তাদের সকলের উদ্দেশ্য মানুষকে সামান্য সহযোগীতা প্রদান, নাম প্রচার নয়।

নিজকরনসী গ্রামের ছানা বিবি বলেন, রাতের বেলা দরজায় ডাক শুনে বাইরে বেড়িয়ে আসার পর যুবকরা আমার হাতে একটি কম্বল তুলে দেয়। এটি পেয়ে কতটুকু খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না।

উদ্যোক্তা যুবকরা বলেন, যখন দেখি শীতবস্ত্রের অভাবে গরীবরা ঠান্ডায় কাঁপে, তখন খুব খারাপ লাগে। বিদেশে বসবাসরত বন্ধুদের সহযোগীতায় কিছু গরীব মানুষকে সহযোগীতা করতে পেরে খুব ভাল লাগছে।

আপনার মন্তব্য

আলোচিত