নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৩১

সিলেটে পুলিশের উপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১১জন গ্রেপ্তার

সিলেটে আসামী ছিনতাই ও মাদক পরিবহনের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (শনিবার দিবাগত রাত) ভোর সাড়ে তিনটার দিকে নগরীর কুমারপাড়া ঝর্ণারপাড় গলির সামনে থেকে প্রাইভেট কার, ৫টি মোটরসাইকেল ও ৪৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, ঝর্নারপাড় এলাকার ইমন দাস (২৫), কালিবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৪), কালিবাড়ী এলাকার কামরুল ইসলাম (২৬), একই এলাকার সজিব আহমদ তালুকদার (২১) ও সৌরভ তালুকদার (১৯), চৌকিদেখী এলাকার সাহেদ আহমদ (২৮), কালিবাড়ী ভাটপাড়া এলাকার জুবায়ের খান (৩০), চৌকিদেখী এলাকার মাসুদ আহমদ (২৩), মজুমদারী এলাকার শামসুজ্জামান (২৬) ও কালিবাড়ী সবুজ বাগিচা এলাকার সুমন পাল (৩২)।

এদের মধ্যে ৪ জনই সিলেট জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির পদধারী নেতা। তারা হলেন- জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সাহেদ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক শামসুজ্জামান, সহ সম্পাদক সৌরভ আহমদ তালুকদার।

মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে ৪৩ বোতল ফেন্সিডিল প্রাইভেটকারে করে পরিবহনের সময় সংগীতশিল্পী ইমন দাস ও মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তাদের ফোন কল পেয়ে সুজেল আহমদসহ অন্যান্যরা আসামী ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে এই ১১জনকে আটক করে ‍পুলিশ।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানায় পুলিশ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন। এছাড়াও মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম জানান, মাদক পরিবহনের সময় আটক দুইজনকে ছাড়িয়ে নিতে এ হামলা চালায় কিছু যুবক। এ সময় ঘটনাস্থল থেকেই তাদেরকে আটক করা হয়, পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আপনার মন্তব্য

আলোচিত