৩০ জানুয়ারি, ২০১৭ ১৫:৪৩
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বছর ঘুরে আবারও আসছেন বিদ্যা দেবী সরস্বতী। বিদ্যার দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ সরস্বতী পূজা সনাতন ধর্মাবম্বলীদের অন্যতম প্রধান উৎসব। সনাতন ধর্মাবলম্বী প্রতিটি পরিবার গুরুত্বের সঙ্গে সরস্বতী পূজা উদযাপন করে থাকে। ছাত্র-ছাত্রীরাই এ পূজায় বেশি মনোযোগী হয়।
পূজার প্রতিমা নির্মাণকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজার জেলার সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হওয়া শ্রীমঙ্গল উপজেলার প্রতিমা কারিগরেরাও।
প্রতিমা কারিগর হনুমান পাল বলেন, অনেক প্রতিমার নির্মাণ কাজ শেষ হয়েছে। কিছু সংখ্যক কাজ এখনো হাতে আছে। তবে পূজোর আগেই সব সম্পূর্ণ করা যাবে। এর মধ্যে অনেকেই প্রতিমা নিয়ে যাচ্ছে। আমরা সারা বছরই প্রতিমা নির্মাণ করি। তবে অন্য সময়ের তুলনায় এ সময়ে ব্যস্ত সময় পার করছি বলেও জানান তিনি।
এদিকে সরেজমিনে অনেক পূজার মন্দিরে গিয়ে দেখা যায়, ইতিমধ্যেই পূজোর স্টেজের কাজসহ সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে সূর্যোদয় ছাত্র সংঘ রুপশপুর আ/এ এর সভাপতি শ্রী সৌরভ রায় ও সাধারণ সম্পাদক তন্ময় পাল বলেন, আমরা গতবারেই চেয়ে এবারের পূজো অনেক উৎসব মুখর ও ব্যতিক্রমধর্মী কিছু করার চেষ্টায় আছি।
শ্রীমঙ্গল পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সনজয় রায় রাজু জানিয়েছেন, এবার পৌরসভাসহ উপজেলা প্রায় তিন শতাধিক পূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রশাসনের সাথে আমাদের সার্বিক যোগাযোগ রয়েছে।
আপনার মন্তব্য