সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৩

পাঠ্যপুস্তকে ভুল ও সাম্প্রদায়িকীকরণের প্রতিবাদে উদীচীর স্মারকলিপি প্রদান

এ বছর পাঠ্যপুস্তকে নজিরবিহীন বানান ভুল, সাম্প্রদায়িক বিভ্রান্তি, সাম্প্রদায়িকীকরণ, তথ্য বিকৃতি, সত্যেন সেন-রণেশ দাশগুপ্তসহ প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেয়া, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বিষয়ের অন্তর্ভূক্তি ও বিভিন্ন অশুভ তৎপরতার প্রতিবাদে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি সিলেট জেলা সংসদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মিছিল সহকারে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

দেশের প্রগতিশীল সংগঠনসমূহের চলমান আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র, সাংস্কৃতিক ও গণসংগঠনসমূহের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবরে এ স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শহিদুল ইসলাম চৌধুরী।

স্মারকলিপি প্রদানে উদীচী সিলেট জেলা কমিটির পক্ষে সভাপতি এ কে শেরাম ও সাধারণ সম্পাদক ডা: অভিজিৎ দাস জয়’র নেতৃত্বে উদীচীর অন্যান্য নেতাকর্মী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশগুপ্তের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত