৩১ জানুয়ারি, ২০১৭ ২১:২৬
সিলেটের গোয়াইনঘাট জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৫টি ক্রাশার (পাথর ভাঙ্গার যন্ত্র) মেশিন উচ্ছেদ ও পিয়াইন নদী থেকে পাথর উত্তোলনের দায়ে ২টি শ্যালো মেশিন ধ্বংস এবং পাথর তোলার ৪টি গর্ত মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় জাফলংয়ের পিয়াইন নদী ও সিলেট তামাবিল মহা সড়কের গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে এ অভিযান চলে। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মনসুর আলম, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার মো. হুমায়ুন কবির, গোয়াইনঘাট থানার এসআই হারুনুর রশিদ ও মনজুরুল ইসলাম সহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষা করতে রাস্তার পাশ দিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি ক্রাশার মেশিন, ২টি শ্যালো মেশিন ধ্বংস ও পাথর তোলার ৪টি গর্ত ভরাট করা হয়েছে। জাফলংয়ের পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, এই অভিযানের ফলে তাদের প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আপনার মন্তব্য