নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০১৭ ২২:১০

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন, সাংবাদিকদের প্রতি ড. মোমেন

অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক আবাসিক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীর একটি রেস্তোরাঁয় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান।

ড. একে আবদুল মোমেন এসময় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সুরমা নদীতে নৌযানের উপর সেই অনুষ্ঠান থেকে জানানো হয় নদীর নাব্যতা সংকটের জন্য নৌ চলাচল এখন খুবই সীমিত। সেই অনুষ্ঠানের পর থেকেই তিনি সুরমা নদী পুনঃ-খননের জন্য উদ্যোগ গ্রহণ করেন।

সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নদী পুনঃ খননের অনুমোদন হয়ে এসেছে বলে জানান এ সাবেক রাষ্ট্রদূত। তিনি জানান, শীঘ্রই কাজ শুরু হবে।

ড. মোমেন আরও জানান, সিলেটের বিমানবন্দর হইতে নগরীর চৌকিদেখি পর্যন্ত রাস্তা চার লেনে উন্নীত করার কাজও শুরু হবে অচিরেই। সিলেট জেলাকে দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যেই অনেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই সিলেটের মানুষ ঘরে বসেই অধিকাংশ নাগরিক সুবিধা ভোগ করতে পারবে।

এছাড়াও ৪৪১ কোটি টাকা ব্যয়ে সদ্য শুরু হওয়া সিলেট ভোলাগঞ্জ সড়কের কাজে যাতে কোনো প্রকার গাফিলতি ও দুর্নীতি নাহয় সেদিকে নজর রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রীর এ অনুজ।

সাবেক এ রাষ্ট্রদূত আরও বলেন, সিলেটকে বন্যামুক্ত করার জন্য ২৩৬ কোটি টাকা ব্যয়ে নগরীর আশেপাশের খাল ও ছড়া খননের কাজ ইতিমধ্যেই শুরু হওয়ার পথে। এসব কাজে যাতে অনিয়ম নাহয় সেজন্য সদা সজাগ থাকার জন্যেও তিনি সবাইকে অনুরোধ জানান।

এদিকে, সিলেট জেলা কারাগার নির্মাণ ও সিলেটে গ্যাস সংযোগ চালু করা নিয়ে হতাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার পরেও সিলেট জেলা কারাগারের নির্মাণ কাজের গতি বাড়ানো সম্ভব হয় নি। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিদের সাথে দেন দরবারের পরেও সিলেটে গ্যাসের সংযোগের আপাতত কোনো সুখবর দিতে পারছেন না। তবে তাঁর ব্যক্তিগত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সাংবাদিক দেবাশীষ দেবুর সঞ্চালনা ও সিলেটটুডের সম্পাদক আব্দুল আলিম শাহের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সমাপনি বক্তৃতায় সিলেটটুডের প্রধান সম্পাদক কবির য়াহমদ সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিলেটটুডের বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত