হবিগঞ্জ প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:২৪

হবিগঞ্জে চাঞ্চল্যকর তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্র তৌকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই আদেশ দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন- শহরের শ্যামলী এলাকার হিরাজ মিয়ার ছেলে হেলাল উদ্দিন তুর্কি (১৮), নাতিরাবাদ এলাকার নানু মিয়ার ছেলে রনি (১৯), ইনাতাবাদ এলাকার ইদু মিয়ার ছেলে সাদ্দাম (১৮) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে নিয়াজ (১৫) এবং নাতিরাবাদ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে আক্তার মিয়া (২০)।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে স্কুল ছাত্র তৌকিরকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত তৌকিরের পিতা আব্দুল বারিক বাদী হয়ে সদর থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া নিয়াজ ও আক্তার আদালতে উপস্থিত ছিলেন। আর তুর্কি, রনি ও সাদ্দাম এখনো পলাতক আছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ আহমেদ বলেন, "রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। তাই দ্রুত আপিল করা হবে।"

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল খয়ের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত