জগন্নাথপুর প্রতিনিধি

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:২৫

৮ বছর পর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

মামলা সংক্রান্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ ৮ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছেন নির্বাচন পরিচালনা-২ উপসচিব ফরহাদ আহম্মাদ খান।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৬ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ফেব্রুয়ারি। আমরা নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও নৌকা প্রতীকের প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হরমুজ আলীন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আজ (বুধবার) নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় জগন্নাথপুর উপজেলাবাসী স্বস্তি ভোগ করছেন এবং আশংঙ্খা মুক্ত হয়েছেন। আমি আশাবাদী সুন্দর ও সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট গ্রহণ সম্পন্ন হবে। জনগণ তাঁর সঠিক ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবেন বলেও আমি বিশ্বাসী।

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন থেকে মামলা থাকায় এই উপজেলা পরিষদের নির্বাচন হয়নি।

 

আপনার মন্তব্য

আলোচিত