০১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:২৫
“দেশে এখন কাকের চেয়ে অনলাইন পত্রিকার সংখ্যা বেশি। এসব পত্রিকার বেশিরভাগেরই একবছরের মধ্যে মৃত্যুবার্ষিকী পালিত হয়। প্রতিদিনই নতুন নতুন সাইট খুলছে আর কদিন যেতে না যেতেই সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম এক্ষেত্রে ব্যতিক্রম, তারা দুইবছর পূর্তি পালন করছে।”
এমনটি বলেছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন। যিনি এরআগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে আলোচিত হন এই প্রবীণ শিক্ষাবিদ।
মঙ্গলবার সিলেটটুডে'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে ড. সালেহ উদ্দিন বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠছে সিলেট নগরী। ভবন নির্মাণে নীতিমালা মানা হচ্ছে না। গাছ কাটা হচ্ছে, পরিবেশ ধ্বংস করা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ব্যাপারে নীরব। গণমাধ্যমকে এসব বিষয়ে আরো সোচ্চার হতে হবে। আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে সালেহ উদ্দিন বলেন, আমরা এসব বিষয় নিয়ে কথা বলি বলে আপনারা আমাদের পছন্দ করেন না। কিন্তু মনে রাখতে হবে, আমরাও আপনাদের ভোটার।
নগরীর সৌন্দর্যবর্ধনের নামে বিভিন্ন মোড়ের সৌন্দর্যহানি ও অরুচিকর চত্বর নির্মাণ নিয়েও এসময় ক্ষোভ প্রকাশ করেন সালেহ উদ্দিন। নগরীর নগরীর নাইওরপুলে নির্মিত একটি স্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি এতোই দৃষ্টিকটু ও অরুচিকর যে, এই এলাকা দিয়ে যাতায়াতের সময় আমি চোখ বন্ধ করে থাকি।
এমন অরুচিকর কাজ নিয়ে সংবাদ প্রকাশ না করায় সংবাদমাধ্যমের সমালোচনা করে তিনি ভবিষ্যতে এসব ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান।
মঙ্গলবার নগরীর জিন্দাবাজারের হোটেল গোল্ডেন সিটিতে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম।
আপনার মন্তব্য