শাকিলা ববি, হবিগঞ্জ

০২ ফেব্রুয়ারি , ২০১৭ ০০:৫৩

ভাষার মাসকে স্মরণ করে হবিগঞ্জে ব্যতিক্রমী পূজা মন্ডপ

বুধবার (১ ফেব্রুয়ারি) দেশজুড়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন।

বিদ্যা দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে সারা দেশের ন্যায় হবিগঞ্জেও সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। নানা সাজে সজ্জিত করা হয়েছে পূজা মন্ডপগুলো।

ভাষার মাস ফেব্রুয়ারিও শুরু হয়েছে একই দিনে। ভাষার মাসকে স্বাগত জানিয়ে এবং বিদ্যা দেবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়তু হবিগঞ্জের 'সনাতন' নামের একটি সংগঠন ব্যতিক্রমভাবে সাজিয়েছেন তাদের পূজা মন্ডপ। শহরের কালীগাছ তলা এলাকার নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাতিক্রমধর্মী এ পূজা মন্ডপটি তৈরি করা হয়েছে।

'একুশ মানে মাগো তোমার কথা রাখার অঙ্গিকার', 'মায়ের ভাষায় কথা বলতে দোয়াত কালীতে আল্পনা এঁকে ওরাই সেদিন জেগে উঠেছিল মা'- এমন কিছু স্লোগান ও বাংলা বর্ণমালা দিয়ে পূজা মন্ডপ সাজিয়েছেন জয়তু সনাতন এর একদল তরুণ। মন্ডপের প্রবেশ পথে জানালার মত সাজানো হয়েছে। ঐ জানালা থেকে পুরো মন্ডপ দেখা যায়। ঐ জানালায় দাঁড়িয়ে সেল্ফী তুলতে তরুণ-তরুণীদের ভীড় ছিল লক্ষনীয়।

প্রচলিত নিয়মের বাইরে গিয়ে মন্ডপটি সাজসজ্জা করায় সবার দৃষ্টি আকর্ষন করে জয়তু সনাতনের পূজা মন্ডপ।

জয়তু সনাতনের সদস্য শুভ শ্যাম বলেন, ভাষার মাসের শুরুতে সরস্বতী পূজা হওয়ায় দেবীর সাথে সাথে বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে মন্ডপকে একটু অন্যরকম সাজিয়েছি আমরা। সাজসজ্জা সহ মন্ডপের সকল কাজ সংগঠনের সকল সদস্য মিলে করেছি।

মন্ডপে ভক্তি জানাতে আসা শিক্ষিকা গৌড়ি রায় বলেন, মন্ডপটির সাজসজ্জা অনেক দৃষ্ঠিনন্দন। বিদ্যা এবং ভাষা একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে সর্ম্পকযুক্ত। এখানে আসার পর দেখলাম বড়দের পাশাপাশি বাচ্চারাও খুশি হচ্ছে মন্ডপ দেখে। অনেক বাচ্চা দেখলাম মন্ডপে লিখা স্লোগানগুলো পড়ছে। যেকোনো দৃষ্টিকোন থেকে এটি একটি অসাধারন মন্ডপ। ধর্মের সাথে শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে দৃশ্যমান এ মন্ডপ আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। ব্যাতিক্রমধর্মী এ মন্ডপটি তৈরি করার জন্য ধ্যনবাদ জানাচ্ছি জয়তু সনাতনের সদস্যদের।

এই মন্ডপের মূল ভাবনা জয়তু সনাতনের সদস্য সেতু বণিকের। লোপন সরকারের নেতৃত্বে মন্ডপ তৈরির কাজ করেন পান্না সরকার, নিত্যরঞ্জন ঘোষ, শ্বাসত দাশ পান্না প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত