০২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:০১
তারাপুর চা বাগান দখলে সরকারি নথি জালিয়াতি মামলায় কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে দণ্ডবিধির ৪টি পৃথক ধারায় সর্বমোট ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু সিলেট আদালতের সাম্প্রতিককালের সবচেয়ে চাঞ্চল্যকর এ রায় ঘোষণা করেন।
আসামী রাগীব আলী ও আব্দুল হাইয়ের বিরুদ্ধে ৪৬৬, ৪৬৮, ৪৭১, ৪২০ ধারায় পৃথক পৃথকভাবে সর্বমোট ১২বছরের সশ্রম ও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
আদালতের সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ জানান, আদালতের ঘোষিত রায়ে রাগীব আলী ও তার ছেলেকে বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড; ৪৬৮ ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
আইনজীবী রণেন সরকার রণি ও আজিজুর রহমান সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৬ ধারায় আদালতের নথি ও সরকারী রেজিস্টার জালিয়াতি করা, ৪৬৮ ধারায় প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি, ৪২০ ধারায় প্রতারণা ও সম্পত্তি অর্পনের জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা ও ৪৭১ ধারায় জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করা কথা উল্লেখ রয়েছে।
রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে ২০০৫ সালে সিলেটের তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) কোতয়ালী থানায় একটি স্মারক জালিয়াতি মামলা (জিআর ১১৪৬/২০০৫) দায়ের করেন। পরবর্তীতে ২০০৯ সালে এ মামলায় স্থগিতে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন রাগীব আলীর ছেলে আব্দুল হাই।
বৃহস্পতিবার বিকেলে রায় ঘোষণার সময় আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই অর্থবিত্তে বলিয়ান দেশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। এই ধরনের প্রভাবশালী ব্যক্তিরা বর্তমান বাংলাদেশে তাদের অবৈধ প্রভাবকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ পাবলিক ডকুমেন্টকে জালিয়াতিমূলে সৃষ্টি করে সৃষ্ট জালিয়াতি কাগজপত্র প্রতারণামূলকভাবে খাঁটি হিসাবে ব্যবহার করে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই রায়’।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের মত প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের ঘোষিত এ রায় একটি ঐতিহাসিক রায়। এ রায়ে প্রমাণিত হয়েছে তারাপুর চা বাগান দখলের ঘটনা একটি মহা জালিয়াতির ঘটনা। এ রায়ে প্রমাণ হয়েছে দেশের বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন।
আপনার মন্তব্য