নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৩৯

নিজ অফিসের কর্মকর্তাকে ‘মারধর’ মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালকের

সিলেটে একটি বেসরকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তার মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। পাশাপাশি সাদা কাগজে জোরপূর্বক ওই কর্মকর্তার স্বাক্ষর নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

মারধরে আহত শফিকুর রহমান (৪৫) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নগরীর নবাব রোডস্থ নিউ প্রশান্তি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন শফিকুর রহমানের স্ত্রী শামীমা আক্তার।

শামীমা আক্তার নূরী জানান, গত ১৬ জানুয়ারি ওই পুনর্বাসন কেন্দ্রের রোগী ও মালিক-কর্মচারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে শফিকুর রহমানসহ কয়েকজন আহত হন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার শফিকুর রহমানকে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জাহিদ ইসলাম বাবু অন্যকর্মচারীদের নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে মারপিট করে জোরপূর্বক কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর আদায় করেন। মারধরে শফিকুরের দুই পা ভেঙ্গে গেছে বলে জানান শামীমা।

খবর পেয়ে স্ত্রী শামীমা আক্তার নূরী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শফিকুর রহমানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শফিকুর রহমান ওই পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্রের নেটওয়ার্ক বিষয়ক কর্মকর্তা ছিলেন বলে তিনি জানান।

নিউ প্রশান্তি পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম বাবু মারপিট ও স্বাক্ষর আদায়ের অভিযোগ অস্বীকার করে জানান, শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সুস্থ থাকাকালে তিনি আমাদের পুনর্বাসন কেন্দ্রে সময় দিতেন। তবে তিনি ওই প্রতিষ্ঠানের কোন পদস্থ কর্মকর্তা ছিলেন না।

সিলেট কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার ফজলে আজিম পাটোয়ারী শুক্রবার সন্ধ্যায় জানান, এ ব্যাপারে থানায় ৫ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছে। তদন্তে ঘটনার প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে মামলা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত