০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:০০
দল মত নির্বিশেষে সিলেটের সকল মানুষের কাছে দাদা নামে পরিচিত ছিলেন বিশিষ্ট পার্লমেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত।
মতপার্থক্য সত্ত্বেও তার আকর্ষনীয় বক্তৃতা, সরস বর্ণনা আর প্রখর উপস্থিত বুদ্ধির অনুরাগী ছিলেন সকলেই।
ফলে সোমবার সুরঞ্জিত সেনগুপ্তকে বিদায় জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন সকল দলমতের মানুষ।
আওয়ামী লীগ বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো প্রধান রাজনৈতিক দলের নেতারা তো এসেছিলেনই ছিলেন অনেক সাধারণ মানুষই। সকলে ফুলেল শ্রদ্ধায় বিদায় জানিয়েছেন প্রিয় দাদাকে। চোখের জলও ফেলেছেন কেউ কেউ।
জাতীয় সংসদে সাতবার সুনামগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করা সুরঞ্জিত সর্বশেষ আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। রোববার ভোর রাত ৪টা ১০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে মরদেহ নিয়ে যাওয়া হয় সুরঞ্জিতের নিজ জেলা সুনামগঞ্জে।
আপনার মন্তব্য