০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫২
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম খেলা হল ঘোড়দৌড় প্রতিযোগিতা। সিলেটের যে কয়েকটি উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় তার মধ্যে একটি সিলেটের গোয়াইনঘাট উপজেলা। প্রতিবারের ন্যায় এবারও জাকজমকপূর্ণভাবে তিন দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের হাজরাই মাঠে থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে বারহাল এলাকাবাসী। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপর ১টায় আনুষ্ঠানিক ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলা হতে প্রায় ৮০টি ঘোড়া অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টের ৮০টি ঘোড়া দৌড় সমাপ্ত করে ফাইনালে বাংলার হিরো, সোনার বাংলা এবং ইংল্যান্ড নামক তিনটি ঘোড়া অংশগ্রহণ করে।
দুপুর ১২টায় অনুষ্ঠিত ফাইনালে সোনার বাংলা ১ম স্থান, ইংল্যান্ড ২য় স্থান এবং বাংলার হিরো ৩য় স্থান অর্জন করে। এ প্রতিযোগিতায় মূল বিচারকের দায়িত্ব পালন করেন ভান্ডারী মিয়া। এছাড়া আরও ১০-১২ জন সহকারী বিচারকগন সহযোগিতা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক কমিটির এক সদস্য জানান, ঐহিত্যবাহী খেলাটি আমাদের অঞ্চল থেকে দিন দিন বিলুপ্ত হতে চলছে। আমরা প্রতি বৎসর আলীরগাঁও অঞ্চলের লোকজনদের অনুমতি নিয়ে একটি মাঠ নির্বাচন করি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে খেলাটি পরিচালনা করি। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করাটা অনেকটা কষ্টসাধ্য হলেও কোন প্রকার প্রচার প্রচারণা ছাড়াই বিলুপ্ত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাটি আয়োজন করি। একনজর ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ আসেন। প্রচার প্রচারণা করে খেলাটি আয়োজন করা হলে মাঠে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটত এমনকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মনজুর আহমদ জানান, ঐতিহ্যবাহী খেলাটি মূলত খেলা পিপাসুদের আনন্দ জাগাতে আয়োজন করা হয়েছে এবং প্রচার প্রচারণা ছাড়াই খেলায় এত লোক সমাগম হয়েছে যে তা বলার বাইরে। এছাড়া কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া খেলাটি সমাপ্ত করায় এলাকাবাসীকে এবং খেলায় আগত দর্শকবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।
আপনার মন্তব্য