০৬ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৪৮
সুনামগঞ্জ ও ওসমানীনগরের পর নগরীর মিরাবাজারের যতরপুরে চালু হলো তৃতীয় ভার্ড চক্ষু হাসপাতাল। যতরপুর এলাকায় নিজস্ব ভবনে স্থাপিত হাসপাতালে চোখে অপারেশনের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)-এর তৃতীয় চক্ষু হাসপাতালের কার্যক্রম শুরু হয়।
সোমবার বিকেলে ফিতা কাটার মাধ্যমে হাসপাতালের অপারেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এ এস এম সিরাজুল ইসলাম, ভার্ড-এর নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল।
এ সময় তারা বলেন, মানুষের কল্যাণে আমাদেরকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। ভার্ড-এর নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল বলেন, স্বল্পমূল্যে এবং বিভিন্ন পর্যায়ে বিনামূল্যে চোখের বিভিন্ন জটিল চিকিৎসা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ভার্ড সুনামগঞ্জ ও সিলেটের বালাগঞ্জে আরো দুটো চক্ষু হাসপাতাল পরিচালনা করে আসছে।
তিনি আরো বলেন, আর্ত পীড়িত মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও সমাজের দু:স্থ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড)। ভার্ড-এর তৃতীয় চক্ষু হাসপাতালের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক নাছরিন বানু, পূবালী ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আহমদ এনায়েত মনজুরসহ ভার্ড চক্ষু হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তাবৃন্দ।
আপনার মন্তব্য