নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:১১

সোনারগাঁ ও রয়েল সিটির কার্যক্রমের উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অবস্থিত সোনারগাঁ আবাসিক এলাকা ও রয়েল সিটি হাউজিং এর কার্যক্রমের উপর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন সুপ্রিম কোর্ট। একইসাথে আদালত বেলা'কে (আবেদনকারী) সিভিল আপীল করার অনুমতি প্রদান করেছেন।

গত রোববার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেন হায়দারের সমন্বয়ে গঠিত আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ প্রদান করেন।



উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৪ নং কুচাই ইউনিয়নের অন্তর্গত গোটাটিকর, রুগনপুর, তৈয়ব সুলতান ও হবিনন্দি মৌজাধীন কুরি, ভারেরা মেদদী ও লোহাজুড়ি নামক ৪টি বিল ভরাট করে সোনারগাঁ আবাসিক এলাকা ও রয়েল সিটি হাউজিং নামক প্রকল্পের কার্যক্রম শুরু করলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্ট বিভাগে মামলা (নং-৪৪০০/২০০৯) দায়ের করে। মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জনাব সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জনাব মো: হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর আইন অনুযায়ী প্রকল্প পরিচালনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে যে সকল অনুমোদনের দরকার তা সংগ্রহ করতে এবং অনুমোদন গ্রহণের পূর্ব পর্যন্ত জনগণের নিকট প্লট বিক্রয়সহ প্রকল্প সংশ্লিষ্ট কোন কার্যক্রম পরিচালনা না করতে নির্দেশ প্রদান করে রায় দেন।

রায়ের বিরুদ্ধে বেলা সিভিল পিটিশন ফর লিভ টু আপীল (নং ১৫৫৫/২০১৫) দায়ের করলে আদালত গত ৫ ফেব্রুয়ারি এ আদেশ প্রদান করেন।

মামলার বিদাদীগণ হলেন ভূমি মন্ত্রালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর (সিলেট বিভাগ) এর পরিচালক, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার, সাউথ সুরমা সিটি লি: ও রয়েল সিটি হোমস লি:-এর ব্যবস্থাপনা পরিচালক।

আপনার মন্তব্য

আলোচিত