০৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:১৯
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ইসমাইল মাহমুদ এক ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছেন। ভাষার মাস ফেব্রুয়ারিকে স্মরণ করে রাখতে এবং শিশু কিশোরদের মাঝে মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নিজস্ব অর্থায়নে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম শুরু করেন।
২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি, শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক-শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ, বৈদ্যুতিক পাখা, দেয়াল ঘড়ি প্রদানসহ নানাবিধ সহায়তা করে আসছেন। এবার আন্তর্জাতিক মাতৃভাষার মাসে তিনি নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ।
উপজেলার সব কটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে নিজ অর্থায়নে জাতীয় পতাকা বিতরণ কার্যক্রম শুরু করেছেন তিনি।
মঙ্গলবার শহরের জালালিয়া সড়কস্থ শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ‘আমাদের পতাকা আমাদের অহংকার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-আধা সরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। আন্তর্জাতিক মাতৃভাষার এই মাসে শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে জাতীয় পতাকা প্রদানের যে উদ্যোগ নিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক ইসমাইল মাহমুদ বলেন, উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,২৬টি মাধ্যমিক বিদ্যালয় , মাদ্রাসা, কিন্ডার গার্টেন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষার মাস ও মহান স্বাধীনতার মাসে পর্যায়ক্রমে জাতীয় পতাকা বিতরণ করা হবে।
আপনার মন্তব্য