গোয়াইনঘাট প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ১১:৪৪

এবার বিছনাকান্দিতে পাথর উত্তোলনকালে ৩ শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা ধ্বসে ৫ শ্রমিক মৃত্যুর রেশ না কাটতেই এবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিছনাকান্দির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার পাথর কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের আঁধারে অবৈধভাবে গর্ত করে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় হঠাৎ করে গর্তের পাশের মাটি ধ্বসে পড়লে ঘটনাস্থলেই ৩ শ্রমিকের মৃত্যু হয়।

তবে প্রাণহানির ঘটনাটি ধামাচাপা দিতে গর্তের মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মাটি চাপায় শ্রমিক নিহতের সংবাদটি স্থানীয়দের কাছ থেকে আমরা শুনেছি। তবে এ ব্যাপারে মালিক পক্ষের কেউ পুলিশকে কিছু জানাননি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। কিন্তু আমাদের পুলিশ যাবার আগেই তিন শ্রমিকের লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত