১০ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:০৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। এসময় ১২ প্রার্থীর মধ্যে একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।
নির্বাচনে দায়িত্বরত সহকারী রির্টানিং কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্ত পূরণ না করতে পারায় তাঁদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খানম সাথী।
সুফিয়া খানম এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমি পুনরায় বাছাইয়ের (আপিল) জন্য আবেদন করব। আশা করি আমার মনোনয়ন পুনরায় বাছাইয়ে (আপিল) বৈধ বলে বিবেচিত হবো।
মনোনয়ন বৈধ হওয়া তিন চেয়ারম্যান প্রার্থী হলেন, আ’লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী বিজন কুমার দেব, বিএনপি মনোনীত হাজী সোহেল আহমদ খান টুনু, আ’লীগের বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল ইসলাম, জমিয়ত উলামায়ের মনোনীত প্রার্থী সৈয়দ ছলিম আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ফারজানা বেগম’র মনোনয়ন পত্র বৈধ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
আপনার মন্তব্য