১১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪৯
তিন শ্রমিকের প্রাণহানির পর গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ১০টি শেলো মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স।
শনিবার সকালে অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন বলেন, অভিযান চালিয়ে বিছনাকান্দি একদম ক্লিয়ার করে দিয়েছি। এখন আর কেউ পাথর উত্তোলন করছে না। পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১০টি শেলো মেশিন জব্দ করে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি বলে, এই কেয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও আদালতের নির্দেশে পাথর তোলার অনুমতি পায় ব্যবসায়ীরা।
এদিকে, বৃহস্পতিবার রাতে ৩ জন নিহতের ঘটনায় শুক্রবার রাতে কোয়ারি মালিক বাছির মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করে পুলিশ।
মামলার অন্য আসামীরা হলেন- পাথর ব্যবসায়ী আজাদ মিয়া, কামাল হোসেন, চট্টগ্রামের জাহিদ মিয়া, লক্ষীপুরের রাজু মিয়া ওরফে জাহিদ হাসান। এদের মধ্যে জাহিদ মিয়া ও রাজু মিয়া ওরফে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।
আপনার মন্তব্য