১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:০৫
সুনামগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার বর্তমান অবস্থান থেকে সরিয়ে কালেক্টরেট ভবন সীমানার ভেতরে নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষা কমিটি এই কর্মসূচি পালন করে। কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সুনামগঞ্জের শহীদ মিনার কালেক্টরেট ভবনের সীমানার মধ্যে স্থাপন এক সুগভীর ষড়যন্ত্র। এটা বাক-স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর। কারণ কালেক্টরেট ভবনের মধ্যে শহীদ মিনার স্থাপন হলে সেখানে যেকোনো কর্মসূচির জন্যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়তে হবে।
অফিস সময়ের দোহাই নিয়ে কাউকে সেখানে অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও বক্তাদের আশঙ্কা।
সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান পালনে প্রশাসনের অহেতুক হয়রানি বাড়বে বলে বক্তারা অভিযোগ করেন।
এ সময় বক্তারা অবিলম্বে কালেক্টরেট ভবন ও জেলা জজ আদালত ভবনের মধ্যবর্তী সংরক্ষিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ প্রক্রিয়া থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সাবেক পিপি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রোমেন, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বিজন সেনরায়, অ্যাডভোকেট মো. শেরেনুর আলী, ইয়াকুব বখত বহলুল, অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট এনাম আহমেদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী।
আপনার মন্তব্য