ছাতক প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৫৩

ছাতকে হিজড়া ও পাথর শ্রমিকদের সংঘর্ষে আহত ২

ছাতকে পাথর শ্রমিক ও হিজড়াদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন কাস্টমস রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে হিজড়ারা রাস্তায় নগ্ন হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হিজড়াদের একটি দল কাষ্টমঘাট সংলগ্ন সুরমা নদীর পাথরবাহী নৌকায় চাঁদা আদায় করতে গিয়ে পাথর শ্রমিকদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। টাকা কম-বেশী দেয়া-নেয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হিজড়াদের দল ও পাথর শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে পাথর শ্রমিক তেরাব আলী (৩২) ও হিজড়া মুন্নী আক্তার (২৩) আহত হয়। এ ঘটনায় হিজড়ার দল নগ্ন হয়ে শহরের কালীবাড়ী রোডে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পাথর শ্রমিকরাও শহরে পাল্টা বিক্ষোভ মিছিল করে হিজড়াদের অত্যাচারের প্রতিবাদ জানায়।

পাথর শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় কতিপয় যুবক হিজড়াদের সাথে যোগ দিয়ে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। স্থানীয় হওয়ার সুবাদে হিজড়ারা দাপটের সাথে নদীতে থাকা বার্জ-কার্গো ও বলগেট নৌকাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হয়ে চাঁদা আদায় করে যাচ্ছে। চাঁদা আদায় করার সময় মানুষের সাথে হিজড়ারা অশালীন ও মারমুখী আচরণ করে থাকে। তাদের চাহিদা মতো চাঁদা না পেলে তারা জোর করে মোবাইল ফোনসহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অনেক সময় হামলাও চালায় মানুষের উপর। রোববার সকালে চাহিদা মতো চাঁদা না পাওয়ায় মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পাথর শ্রমিকদের সাথে হিজড়ারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত