ছাতক প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:১১

ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন করায় দুই ব্যক্তির কারাদণ্ড

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধভাবে টিলাকেটে পাথর উত্তোলন করায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাতকের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্টেট শেখ হাফিজুর রহমান কারাদণ্ডের এই আদেশ দেন।

কারাদণ্ডাদেশ পাওয়া মো. আওলাদ আলীকে (৪৫) এক মাস এবং রাসেল মিয়াকে (২২) দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকে বনবিভাগের মালিকানাধীন হাদাটিলার মাটি কেটে দীর্ঘদিন থেকে অবৈধভাবে পাথর উত্তোলন চলছিল। সোমবার দুপুরে ওই টিলায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় আওলাদ আলী ও রাসেল মিয়াকে আটক করে তাদেরকে ভ্রাম্যমান আদালত কারাদণ্ড প্রদান করে। অভিযানে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি পাম্প ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানের সময় ছাতক উপজেলা বন কর্মকর্তা মো. সালাউদ্দিন ও ছাতক থানার পুলিশ ভ্রাম্যমান আদালতের সঙ্গে ছিলেন।

নির্বাহী ম্যজিষ্টেট শেখ হাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত