১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ০২:৩২
হবিগঞ্জের বর্তমান আধুনিক স্টেডিয়ামের পাশে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
সাংসদ জাহির জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনকারী ডিজিটাল মাধ্যম আমার এমপিতে এক নাগরিক প্রশ্নের জবাবে তাঁর এ পরিকল্পনার কথা জানান।
আমার এমপি ওয়েবসাইটে উজ্জ্বল দাস নামের একজন প্রশ্নকারী হবিগঞ্জ স্টেডিয়ামের পাশে থাকা ময়লা-আবর্জনা বিষয়ে সাংসদকে অবহিত করেন। এ সমস্যাটি স্থানীয় পৌরসভার এখতিয়ার ভুক্তও জানান এ প্রশ্নকারী।
জবাবে সাংসদ আবু জাহির তাঁদের সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের সংক্ষিপ্ত বর্ণনা শেষে জানান, হবিগঞ্জের মানুষ যাতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায় সেজন্যে আধুনিক স্টেডিয়ামের পাশে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে।
স্টেডিয়ামের সামনে থাকা আবর্জনা অপসারণে ইতোমধ্যেই তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান এ সাংসদ।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মত তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ এবং তাদের ভোটে নির্বাচিত মহান জাতীয় সংসদের সংসদ সদস্যদের মধ্যে সেতুবন্ধনকারী মাধ্যম হিসেবে কাজ করছে ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট আমার এমপি ডটকম। এ ওয়েবসাইটে ইতোমধ্যেই সকল সাংসদের আনুষঙ্গিক তথ্যাদি সন্নিবেশিত হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপ, মন্ত্রীসভার সদস্য থেকে শুরু করে বেশ কয়েকজন সংসদ সদস্য তাঁদের সঙ্গে যোগাযোগের জন্যে প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, এবং অনেকে ইতোমধ্যেই নাগরিক প্রশ্নের উত্তরও দিয়েছেন।
আপনার মন্তব্য