বানিয়াচং প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪০

বানিয়াচংয়ে ৭২ জন ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত

বানিয়াচংয়ে ৭২ জন ভুয়া মুক্তিযোদ্ধাকে সনাক্ত করা হয়েছে। পাশাপাশি ১৩ জন পুরাতন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আনিত অভিযোগও খতিয়ে দেখেছেন যাচাই-বাছাই কমিটি।

জানা যায়, মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অনলাইনে ১১৪ জন আবেদন করেছেন। শনিবার ৭৪ জনের যাচাই-বাছাই শেষ করা হয়েছে। প্রাথমিকভাবে ৭৪ জনের মধ্যে ৭২ জনই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছে। বাকীদের বিরুদ্ধে ২-১ দিনের মধ্যেই যাচাই-বাছাই করা হবে। আর ২ জন উপযুক্ত প্রমাণাদি দেখাতে পারলে বিবেচনা করবে যাচাই-বাছাই কমিটি।

তালিকায় মাকালকান্দি গ্রামের গণহত্যার শিকার ৪০ জন শহীদকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তাদের স্বজনরা আবেদন করেছেন। শহীদ মুক্তিযোদ্ধাদের বাছাই পরবর্তীতে করা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল খালেক মাস্টার এসব তথ্য নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান জানান, পুরাতন তালিকার ১৩ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের যাচাই-বাছাই মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শেষ করা হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে অদ্যাবধি তারা সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। বাছাইয়ে যদি টিকতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, এই ১৩ জনের মধ্যে ২-১ জন রাজাকারও রয়েছেন। এদিকে পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসকির মিয়া ও মারকুলি এলাকার ডা. আরএন দাশ মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য আবেদন করলেও যাচাই-বাছাই কমিটির সামনে সাক্ষাতকারে উপস্থিত হননি।


আপনার মন্তব্য

আলোচিত