নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৪৬

‘ঘুষসহ আটক’ জেলা প্রশাসনের সেই কর্মচারীর বিরুদ্ধে মামলা

ঘুষগ্রহণের অভিযোগে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুদকের উপ সহকারী পরিচালক ওহায়েদ মঞ্জু সোহাগ সিলেটের কোতোয়ালী মডেল থানায় এ মামালটি দায়ের করেন।

মামলার বাদী দুদকের উপ সহকারী পরিচালক ওহায়েদ মঞ্জু সোহাগ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুষসহ হাতেনাতে আটকের পর দুদকের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া আজিজুর রহমানের বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি ঘটনার দিন এ মামলাটি করার কথা ছিল বিভিন্ন কারণে সেটা করতে না পারায় আজ (মঙ্গলবার) সেটি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বিকালে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে আটক করেছিলো দুদক। সেসময় তার অন্য সহকর্মীরা হামলা চালিয়ে আজিজুর রহমানকে ছিনিয়ে নেন। এই ঘটনার কিছুক্ষণ পর দুদক কর্মকর্তাদের নিয়ে নিজ কার্যালয়ে তাৎক্ষনিক বৈঠকে বসেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। ওই বৈঠক চলাকালেই অসুস্থ হয়ে পড়েন আজিজুর। তাকে তখনই হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। পরে পুলিশ প্রহরায় জেলা প্রশাসক কার্যালয় ছাড়েন দুদক কর্মকর্তারা। এঘটনায় ওই রাতেই সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করে দুদক। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতাল থেকে আজিজুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক।

আপনার মন্তব্য

আলোচিত