২৯ এপ্রিল, ২০১৫ ১২:০৫
সিটি নির্বাচনে অংশ নেয়া এবং নির্বাচনের দিন বর্জন করা দুইটাই বিএনপির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন সড়কপথ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার তিনি নব নির্মিত কাজির বাজার সেতুর পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী আরও বলেন, পরাজয় জেনেও নির্বাচন বর্জন করা বিএনপির সাজানো নাটক। এমনকি নির্বাচনে অংশ নেয়াও তাদের নাটকেরই অংশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদের সমালোচনা করে তিনি বলেন, 'মওদুদ সাহেব বলেছেন মাত্র ৫% ভোট নাকি কাষ্ট হয়েছে, কিন্তু ফলাফলে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক প্রার্থী ১৫% এর বেশি ভোট পেয়েছেন, কাজেই তাঁর বক্তব্য যে মিথ্যা পরিসংখ্যানই এর প্রমাণ দেয়'
সিটি নির্বাচন বর্জন ইস্যু দিয়ে বিএনপি আবারো বড় ধরণের আন্দোলনে যেতে পারে এমন প্রশ্রে মন্ত্রী বলেন, যে দল সিটি নির্বাচনে পোলিং এজেন্ট দিতে পারে না, যারা আন্দোলনে কর্মী পায়না তারা আবার আন্দোলনে যাবে!
গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতা নজরুল ইসলাম খানের কথোপকথন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সবকিছুই বিএনপির নির্বাচন বর্জনের পূর্ব পরিকল্পনার অংশ।
কাজির বাজার সেতু কাজ পরিদর্শন করে মন্ত্রী বলেন, সেতুর কাজ ৯৫% সম্পন্ন হয়েছে, সংযোগ সড়কের কাজ শেষ হলেই এই সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
আপনার মন্তব্য