২৯ এপ্রিল, ২০১৫ ১৩:২৬
সিলেটের আম্বরখানা-ভোলাগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার হয় অন্তত ২০টি ট্রাক। এসময় ডাকাতের হামলায় এক ট্রাক চালক আহত হন। মঙ্গলবার রাত দেড়টায় কোম্পানীগঞ্জ উপজেলাধীন গৌরীনগরে এ ঘটনা ঘটে। ডাকাতির প্রতিবাদে ট্রাক চালকরা রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
আহত ট্রাক চালক আলা উদ্দিন (৩৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জের বাসিন্দা। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিম গোয়াইনঘাট আঞ্চলিক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমান সিলেটভিউ২৪ডটকমকে জানান- রাত দেড়টার দিকে গৌরীনগরে সড়কে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত ট্রাকে ডাকাতির শুরু করে। ডাকাতরা অন্তত ২০টি ট্রাকের চালকের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটে নেয়। এসময় প্রতিরোধ করতে গিয়ে আলা উদ্দিন নামের এক চালক আহত হন।
মো. হাফিজুর রহমান আরও জানান- ডাকাতির প্রতিবাদে রাত ৩টা থেকে চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সকাল ১০টায় সালুটিকর বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেয়া হয়েছে। ডাকাতির ঘটনায় আজ বুধবার সন্ধ্যার পর ট্রাক শ্রমিকরা বৈঠকে বসবেন বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান- রাস্তা ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশ উপস্থিত হওয়ায় ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতের হামলায় এক চালক আহত হয়েছেন। সকাল ৭টা পর্যন্ত ট্রাক চালকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন বলে দাবি করেন তিনি।
আপনার মন্তব্য