হবিগঞ্জ প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৫ ১৮:২২

বাহুবলে চালককে নির্যাতনের দায়ে পুলিশ কনস্টেবল প্রত্যাহার


পিকআপ ভ্যান চালককে নির্যাতনের ঘটনায় হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুলিশ কনস্টেবল ফয়সলকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ ।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে একটি চালবোঝাই পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৪-৫৪৩২) বাহুবলের পুটিজুরী দ্বিগাম্বর বাজার আসছিল। পথিমধ্যে বাহুবল মৌচাক মার্কেটের কাছে পৌঁছলে বাহুবল থানা পুলিশ পিকআপটিকে থামার সিগন্যাল দেয়। গাড়িটি কিছু দূর এগিয়ে শেওড়াতলি এলাকায় থামানোর সময় পুলিশ ভ্যানে ধাক্কা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যান চালক সাজুকে পুলিশবাহী ভ্যান চালক কনস্টেবল ফয়সল বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় সাজুকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর পুটিজুরী এলাকায় পৌঁছলে স্থানীয় অটোরিক্সা চালক, মালিক ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পুলিশ ভ্যানটি আটক করে। এসময়  সেখানে পুলিশের এএসআই মোজাম্মিল ও কনস্টেবল ফয়সলের উপর চড়াও হয় জনতা। ঘন্টাখানেক মহাসড়ক অবরোধের পর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও ওসি মোশাররফ হোসেন ঘটনাস্থলে পৌঁছেন। পরে কনস্টেবল ফয়সলকে তাৎক্ষণিক প্রত্যাহার ও পিকআপ চালক সাজুর চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, পিকআপটি পুলিশ ভ্যানকে সজোরে ধাক্কা দিয়েছিল। কিন্তু ওই পিকআপ চালককে মারধোর করা কনস্টেবল ফয়সলের উচিত হয়নি। তাই তাকে প্রত্যাহার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত