ডেস্ক রিপোর্ট

০১ মে, ২০১৫ ০০:৫৪

মে দিবসে সিলেটে নানা কর্মসূচি

মহান মে দিবস উপলক্ষ্যে সিলেটে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মিছিল, সমাবেশ, র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

পহেলা মে (শুক্রবার) সকাল ১০টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে লাল পতাকা মিছিল বের করবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এদিন সকাল ৯টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ ও লাল পতাকা মিছিল বের করবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।

সকাল ১০টায় নগরীর ক্বীন ব্রিজের পাশের সারদা হল সংলগ্ন এলাকা থেকে মিছিল বের করবে স’মিল শ্রমিক সংঘ। সেখান থেকে তারা কোর্ট পয়েন্টের সমাবেশে এসে যোগ দেবে।

সকাল ৯টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ পূর্বাঞ্চল শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

এছাড়া, চা শ্রমিক ও রাবার শ্রমিক সংঘ সিলেটের কালাগুল চা বাগানে, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা শাখা সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণসঙ্গীতের আয়োজন করেছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে মিছিল বের করা হবে। মিছিল শেষে সকাল ১০টায় নগরীর শাহজালাল দরগা সংলগ্ন রশিদ এম্পোরিয়ামের আরকে ধর হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন, সংস্থার মহানগর সভাপতি আতাউর রহমান, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম সহ আরও অনেকে।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।

আপনার মন্তব্য

আলোচিত