০৩ মে, ২০১৫ ১১:৫২
“বাংলাদেশ ভারতের সীমান্ত জেলার বিভিন্ন বিষয়ে এখন দু দেশের জেলা প্রশাসন, দু দেশের পুলিশ সুপার, বিজিবি-বিএসএফ পর্যায়ে সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থানীয় ভাবে সমাধান করা যাচ্ছে। যা কিছু দিন আগেও বেশ সময় মাপেক্ষ ও জটিল বিষয় ছিলো। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরো সুদৃঢ় করতে আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছে যা সামনের দিন গুলোতে অব্যাহত থাকবে” বলে জানান ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।
শনিবার রাতে শহিদ আবুল হোসেন মিলনায়তনে (বিডি হলে) সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সহকারী কমিশনারকে দেয়া সংবর্ধনা ও নৈশ ভোজের আয়োজনে তিনি একথা বলেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড.মিছবাহ উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এড.পীর ফজলুর রহমান মিছবাহ, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, ৮-বিজিবি অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার, সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ। সংবর্ধনা অনুষ্ঠান ও নৈশ ভোজে জেলার বিভিন্ন রাজনৈতিক, ব্যাবসায়ীক, সামাজিক সংগঠনের নেতৃবিন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার চেম্বার অব কমার্স, স্থানীয় বিভিন্ন আমদানি কারক সহ উপস্থিত অনেকের বিভিন্ন দাবীর প্রতি সমর্থন করে বলেন, “আমি ভারতীয় সরকারের একজন চাকুরীজীবি, আমি আপনাদের দাবীর মধ্যে ডলুরা শুল্কষ্টেশন চালু, নিয়মিতভাবে কয়লার ব্যবসা চালু ও সিলেটে ভারতীয় ভিসা সেন্টারসহ ডলুরা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন সেন্টার চালুর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে গুরুত্বের সহিত অবহিত করব”।
এর আগে তিনি ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন ও সুনামগঞ্জ পৌরসভায় এক মতবিনিময় সভায় যোগদান করেন।
আপনার মন্তব্য