নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০১৫ ১৩:৪৮

সিলেট-শিলং-গৌহাটি বাস সার্ভিস : শুরুর আগেই বিপত্তি, স্থানীয় বাস মালিকদের শর্ত!

সব প্রস্তুতি সম্পন্ন ছিলো। কথা ছিলো শনিবার সকালে দক্ষিণ সুরমার আলমপুরের বিআরটিএ'র ডিপো থেকে চালু হবে সিলেট-শিলং-গৌহাটি বাস সার্ভিস। তবে অজ্ঞাত কারনে শনিবার সার্ভিসটি চালু হয়নি।

ফলে শুরুর আগেই সিলেট-শিলং-গৌহাটি বাস সার্ভিস নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যদিও শনিবার সিলেট সফরকালে ভারতের ডেপুটি হাই কমিশনার সোমনাথ হালদার জানিয়েছেন, অচিরেই সার্ভিসটি চালু হবে।

এদিকে আন্তর্জাতিক এই বাস সার্ভিসে যাতে অভ্যন্তরীন যাত্রী পরিবহন থেকে বিরত থাকে এই দাবিতে  সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেটের বাস মালিক সমিতি।  এ সার্ভিস চালু হলে ভারতের সাথে সিলেট অঞ্চলের মানুষের হয়ে সরাসরি যোগাযোগের পথ সুগম হবে।

জানা গেছে, শুরুতে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে সিলেট হয়ে বিআরটিসির বাস গৌহাটি পৌছাবে। এর আগে ঢাকা-কলকাতা-ঢাকা বাস সার্ভিস চালু হয়। সিলেট-শিলং-গৌহাটি বাস সার্ভিস চালুর ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তে ঢাকা থেকে সিলেট ও মেঘালয়ের শিলং হয়ে আসামের গৌহাটি পর্যন্ত বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়।

গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে পরীক্ষামূলক বাস সার্ভিস চালু করার। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারকে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করা হয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার থেকে পরীক্ষামূলকভাবে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক বাস সার্ভিস চালুর প্রক্রিয়া চূড়ান্ত থাকলেও অনিবার্য কারণবশত বাস সার্ভিস চালুর দিনক্ষণ পিছিয়েছে।

সিলেটের বাস মালিক সমিতির নেতা ও কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, আন্তর্জাতিকভাবে সার্ভিস চালু হওয়ায় আমরা স্বাগত জানাচ্ছি। তবে আন্তর্জাতিক যাত্রী ছাড়া অন্য যাত্রী বহন করার আশঙ্কা থেকে আমরা জেলা প্রশাসকের কাছে গত বৃহস্পতিবার চিঠি দিয়েছি। অভ্যন্তরীর যাত্রী যদি এ সকল গাড়িতে বহন করা হয় তবে আমরা তা মেনে নেবো না।

এ ব্যাপারে বিআরটিসির সিলেট ডিপো ম্যানেজার মেহেদী জানান, শনিবার বাস গৌহাটির উদ্দ্যেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা যায়নি। শুনেছি দু’দিন পরে এ সার্ভিস চালু হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার সোমনাথ হালদার শনিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্টেশন পরিদর্শন শেষে বলেন, ঢাকা-সিলেট-গোহাটি-শিলং পর্যন্ত বাস চলাচলের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই বাস সার্ভিস চালু হবে।

আপনার মন্তব্য

আলোচিত