২০ মার্চ, ২০১৭ ২০:৫৫
সিলেটে ২ দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে চাকরির তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘বিডিজবস ডটকম’। আগামী ২২ ও ২৩ মার্চ এ মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ মার্চ) নগরীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজন সংশ্লিষ্টরা।
বুধবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর মাছিমপুরে অবস্থিত আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় একযুগ ধরে চাকরির মেলার আয়োজন করে আসছে বিডিজবস। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজন করা এ মেলার ব্যবস্থাপনা তারা নিজেরাই করে যাচ্ছেন। এতে সার্বিক সহযোগিতা করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
সিলেটে আয়োজিত মেলায় প্রায় ৪০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে জানান বক্তারা। তারা বলেন, এসব প্রতিষ্ঠান প্রায় দুই শতাধিক লোককে চাকরিতে নিয়োগ করবে। অধিকাংশ জনবল তাৎক্ষণিক সাক্ষাতকারের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
এরই মধ্যে অনলাইনে প্রায় পাঁচ হাজার মানুষ আবেদন করেছেন। মেলা চলাকালে আরও আবেদনপত্র আসবে। প্রথম দিন প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হবে। আর শেষদিন সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানান মেলা সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান বিডিজবস ডটকম’র প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী বলেন, যোগ্যতার মাপকাঠি অনুসারে শুধু শিক্ষিত বেকারই নয়, কর্মমুখী শিক্ষায় শিক্ষিতরাও চাকরির আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীরা এখানে প্রকাশিত পদের বিপরীতেই আবেদন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিডিজবস ডটকম’র জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সাবেক সম্পাদক জয়নুল আখতার চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিল্টন প্রমুখ।
আপনার মন্তব্য