নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৭ ১০:১২

শিববাড়িতে জঙ্গিবিরোধী অভিযান: লাইভ সম্প্রচার না করতে মিডিয়ার প্রতি অনুরোধ

সিলেটের শিববাড়িতে চলমান জঙ্গিবিরোধী অভিযান চলাকালে টেলিভিশনে লাইভ সম্প্রচার না করতে মিডিয়াকর্মীদের অনুরোধ জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক চলমান জঙ্গিবিরোধী অভিযানে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, দেশব্যাপী জঙ্গিদের নেটওয়ার্ক যাতে সংগঠিত না হতে পারে সেজন্যে মিডিয়াকর্মীদের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করছি।

শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে একাধিক জঙ্গি রয়েছে।

ঢাকা-চট্টগ্রামের জঙ্গিবিরোধী অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা।

শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। এরপর কয়েক দফা গুলির শব্দও শোনা যায়।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঠানপাড়া সড়কের পাশে অবস্থিত পাঁচতলা ও চার তলা বিশিষ্ট দুটি ভবনের নাম আতিয়া মহল। সিলেট নগরীর আতিয়া ট্রেভেলস্ এর স্বত্বাধিকারী দক্ষিণ সুরমার শিববাড়ির বান্দরঘাট (বন্দরঘাট)’র বাসিন্দা উস্তার মিয়া।

গত জানুয়ারি মাসে প্রাণ কোম্পানির অডিট অফিসার পরিচয়ে কাওসার আহমদ ও মর্জিনা বেগম ওই বাড়ি ভাড়া নেন বলে জানিয়েছেন বাড়ির মালিক উস্তার মিয়া।

আপনার মন্তব্য

আলোচিত