নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০১৫ ১৬:১২

নগরীর বড়শালায় ছিনতাইকারীদের কবলে লন্ডন প্রবাসী, আহত ২

সিলেটের আম্বরখানা-বিমানবন্দর রোডের বড়শালা এলাকায় ছিনতাইর ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রবাসিসহ দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন নগরীর পাঠানটুলা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে সাব্বির আহমদ (২৯) ও তার ভাবী লন্ডন প্রবাসী নাছরিন বেগম (৩৫)।

ছিনতাইকারীদের হামলায় আহত সাব্বির আহমদ জানান, সোমবার সকালে তার বড় ভাবী লন্ডন থেকে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছেন। ভাবী নাছরিন বেগমকে আনতে তিনি বিমানবন্দর যান। বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় মাইক্রোবাস করে নগরীর পাঠানটুলা যাওয়া পথে বড়শালা এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা যোগে তাদের গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। 

এ সময় ছিনতাইকারী তাজুল ইসলাম, কামরান ও কাওছারকে চিনতে পারেন সাব্বির। তাদের সঙ্গে দস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা সাব্বির ও তার ভাবী নাছরিন বেগমকে ছুরিকাঘাত করে এবং আশপাশের লোকজন এগিয়ে আসায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা রেখে পালিয়ে যায়। আহত সাব্বির আহমদকে সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে এসএমপি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন জানিয়েছেন, এরকম কোন ঘটনার খবর তিনি পাননি। তবে এমনটি ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মন্তব্য

আলোচিত