হবিগঞ্জ প্রতিনিধি

০৫ মে, ২০১৫ ১৬:১৫

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় বদরুল ইসলাম বকুল (৪৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় মোটর সাইকেলের অপর আরোহী বকুল মিয়া গুরুতর আহত হন। সোমবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা এসময় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য বদরুল ইসলাম বকুল ওই এলাকার ঢাকা-সিলেট রুটের এনা পরিবহন কাউন্টারের ম্যানেজার উত্তর দৌলতপুর গ্রামের জয়তুন মিয়ার ছেলে বকুল মিয়াকে (৪৪) সাথে নিয়ে দিনারপুর এলাকা থেকে মোটর সাইকেলযোগে আউশকান্দির যাচ্ছিলেন।

তারা আউশকান্দি কিবরিয়া চত্ত্বরের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেন। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বদরুল ইসলাম বকুলকে মৃত ঘোষণা করেন। এ খবরে উত্তেজিত জনতা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় উত্তেজিত জনতাকে শান্ত করলে তারা অবরোধ তুলে নেন। পরে যানচলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

আলোচিত