নাবিদ হাসান

১৩ এপ্রিল, ২০১৭ ১৬:৩২

বিধিনিষেধ আর নিরাপত্তার বেড়াজালে এবারের পহেলা বৈশাখ

গতবছরও বর্ষবরণ অনুষ্ঠানের সময়সীমা বেধে দেওয়া দেওয়া হয়েছিলো। মঙ্গল শোভাযাত্রায় এর প্রতিবাদ জানিয়েছিল উদীচী, সিলেট।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এছাড়া উৎসব পালনে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ।

উৎসবকে নির্বিঘ্ন করতেই এমন কড়াকড়ি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাদের দাবি, পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

জেলা ও মহানগর পুলিশ কর্মকর্তারা জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সহস্রাধিক পুলিশের কড়া নজরদারি থাকবে। পাশাপাশি অন্যান্য বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করবে বলে জানা গেছে।

মহানগর পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখকে কেন্দ্র করে নগরীতে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনায় রয়েছে- বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানের অনুষ্ঠানসমূহ শেষ করতে হবে। কোন ধরনের আতশবাজি পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। উন্মুক্ত স্থানসমূহের অনুষ্ঠানগুলোতে বেসরকারিভাবে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা রয়েছে। পহেলা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি আরোহি চড়া যাবে না। তবে স্ত্রী-সন্তান থাকলে সমস্যা নেই। একযোগে বা দলগত ভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে ঘুরে বেড়ানো যাবেনা, রং ছিটানো যাবে না।

এছাড়া অনুষ্ঠানে কোনও দাহ্য পদার্থ, দিয়াশলাই, গ্যাস লাইট, ব্যাগ, চুরি, চাকু আনা যাবে না। নিষিদ্ধ থাকবে ভুভুজেলা। নগরীর প্রত্যেক অনুষ্ঠানস্থল ধুমপানমূক্ত থাকবে।

এ ব্যাপারে সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, জঙ্গি হামলাসহ বর্তমান সময়ে নানা ধরণের নিরাপত্তা হুমকি রয়েছে। তবে এসব প্রতিহত করার জন্য সবার আগে প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে সন্ত্রাস ও মৌলবাদকে প্রতিহত করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড কোনভাবেই সংকুচিত করা যাবে না। এতে অপশক্তি আরো আশকারা পেয়ে যাবে।

তিনি বলেন, সময়সীমা বেঁধে দেওয়াসহ কিছু বিধিনিষেধের কারণে এবার উৎসবের ব্যাপকতা ও উৎসাহে কিছুটা ভাটা পড়বে। আগামী বছরগুলোতে যাতে এরকম না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পহেলা বৈশাখের উৎসব পালন করতে পারে এ জন্য এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। নিরাপত্তার খাতিরে এবারের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে পুলিশের নজরদারি থাকবে। শোভাযাত্রাসহ অনুষ্ঠানগুলোতে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোন ধরণের অপ্রীতিকর ও যেকোনো নাশকতা রুখে দিতে সহস্রাধিক পুলিশ বাহিনী কাজ করবে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, পহেলা বৈশাখের উৎসবকে নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় কড়া নজরদারিতে থাকবে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত