সিলেটটুডে টুয়েন্টিফোর ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৭ ১৮:১৫

ভাষা নেই, আছে ভালোবাসা

প্রেমের জন্য মুখে কোন ভাষার প্রয়োজন নেই, নেই দুরত্বের বালাই। আর সব প্রতিবন্ধকতাকে জয় করেই ঘর বাঁধতে যাচ্ছেন মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই বাকপ্রতিবন্ধী।

মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইউনিয়নের মৃত মখলিছুর রহমানের লন্ডন প্রবাসী ছেলে সিরাজ আহমদ ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিন এর মেয়ে ফাবিহা খানম পান্না অতিক্রম করেছেন সকল প্রতিবন্ধকতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে পরিচয় তাদের। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। তারপর বাংলাদেশ আর লন্ডন দূরত্ব ঘুচিয়ে এই যুগল এখন পরিণয়ে আবদ্ধ হওয়ার পথে। আগামী ২১ এপ্রিল শুক্রবার তাদের বিয়ের দিন।

সিরাজ আহমদ এর চাচাত ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম বিয়ের সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ২ বছর ধরে ফেসবুকে ফাবিহা খানম পান্নার সঙ্গে পরিচয় হয় সিরাজের। এর পর দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন। পরে তারা দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার।

চার দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। তারপরই দুই পরিবারের যৌথ উদ্যোগে বিয়ের দিন ঠিক করা হয় বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত