২০ এপ্রিল, ২০১৭ ১৮:২৮
সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার সদর উপজেলা খেলার মাঠের নতুন নাম এখন শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
এই খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে উন্নীত করণের জন্য ইতিমধ্যে প্রাথমিকভাবে ৪২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে একতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, পাবলিক টয়লেট, গ্যালারি এবং আধুনিক ফুটবল গোলপোস্ট নির্মাণ করা হচ্ছে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া সংস্থা।
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার প্রতিটির নাম হবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। সদর উপজেলার স্টেডিয়ামের জন্য শাহী ঈদগাহর খেলার মাঠকে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে এ মাঠকে স্টেডিয়ামে উন্নীত করণের কাজের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।
তিনি আরো বলেন, এই মাঠে এখন থেকে আর কোন মেলা বা হাটের আয়োজন করা যাবে না। শুধুমাত্র খেলাধুলার জন্য এই মাঠটি উন্মুক্ত থাকবে।
এদিকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) জাতীয় ক্রীড়া সংস্থার প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. শাহীন ও সহকারী ইঞ্জিনিয়ার মো. রফিক ও ঠিকাদারি প্রতিষ্ঠান এর প্রতিনিধি শাহী ঈদগাহ খেলার মাঠটি পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শামসুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক জাকা, আমিনুর রহমান পাপ্পু, এহিয়া আহমদ, ফজলুল হক, এনাম আহমদ, ফারুক আহমদ, বাবলু, মুকুল আহমদ, সাকের আহমেদ, সাদেক প্রমুখ।
আপনার মন্তব্য