হামিদুর রহমান, মাধবপুর

২২ এপ্রিল, ২০১৭ ১৫:৪০

মাধবপুরের দশ গ্রামের মানুষের দুঃখ একটি সড়ক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার-জয়পুর মসজিদ বাজার (বড়জ্বালা মোড়) রাস্তার উপরিভাগে বড় বড় গর্ত। পিচ আর খোয়া উঠে গোটা সড়ক লাল বর্ণ ধারণ করেছে। ২ বছর আগে চলাচলের প্রায় অযোগ্য হলেও অনেকটা বিপদে পড়ে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন।

রাজনগর গ্রামের ইস্কান্দার মীর্জা ফারুক মাষ্টার জানান, চৌমুহনী বাজার থেকে জয়পুর মসজিদ বাজারের (বড়জ্বালা মোড়) এই রাস্তাটি প্রায় ১ যুগ পূর্বে নির্মাণ করে মাধবপুর উপজেলা এলজিইডি। সে সময় কাঁচা রাস্তার প্রায় ২ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হলেও গত ১ যুগেও কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। গোটা সড়কজুড়ে ক্ষত-বিক্ষতের চিত্র। মনে হচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র।

চৌমুহনী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রাজনগর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ জানান, রাস্তাটি এতই খারাপ যে এখন যানবাহন তো দূরের কথা, মানুষও চলাচল করতে পারে না। বর্ষার আগে রাস্তাটি মেরামত করা না হলে গ্রামের মানুষকে অবর্ণনীয় কষ্ট পোহাতে হবে।

চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া জানান, এই রাস্তাটি ভৌগোলিক কারণে অনেক গুরুত্বপূর্ণ। উপজেলা শহরের সাথে যুক্ত থাকায় রাজনগর, জয়পুর, গাজীপুর, কালিকৃষ্ণনগর, হরিণখোলা, নয়নপুর, শাহজালালপুর, চকবস্তারামনগর, সাতপাড়াসহ অন্তত ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে।

বিষয়টি নিয়ে এলজিইডির মাধবপুর উপজেলা সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, রাস্তাটি সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত